
বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে পুলিশের হাতে গ্রেফতার বাংলাদেশে ঠেলে পাঠানো সোনালী বিবি-সহ ছয় ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন পিছিয়েছে। আগামী ৬ নভেম্বর তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করেছে আদালত।
এর আগে এক রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে চার সপ্তাহের মধ্যে তাঁদের ভারতে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এতে বেঁধে দেওয়া সময়ের মধ্যে ওই ভারতীয় নাগরিকদের দেশে ফেরা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ছয় ভারতীয় নাগরিক হলেন পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার ধিতোরা গ্রামের দানিশ শেখ, তাঁর স্ত্রী সোনালী বিবি, তাঁদের ৮ বছর বয়সী ছেলে এবং সুইটি বিবি ও তাঁর ১৬ ও ৬ বছর বয়সী ছেলে। তাঁদের মধ্যে সোনালি বিবি অন্তঃসত্ত্বা। গত ২০ অগাস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর এলাকা থেকে তাঁদের গ্রেফতার করেছিল বাংলাদেশ পুলিশ। সময় পেরিয়ে যাওয়ার পরই শুক্রবার বিজেপিকে আক্রমণ শানিয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম শুক্রবার বলেছেন, রাজ্য সরকার এবং পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের। প্রচেষ্টা অব্যাহত রয়েছে সোনালী খাতুনদের দেশে ফিরিয়ে আনার জন্য। এদিকে তৃণমূল নেত্রী শশী পাঁজার মন্তব্য বাংলা বিরোধী বিজেপি এখন আদালতের নির্দেশ পালন করতেও অস্বীকার করছে। ২৬ এর নির্বাচনে এর ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।




