
অবশেষে বীরভূমের পাইকর গ্রামে নিজের বাড়িতে ফিরলেন সোনালি বিবি। এতদিন পর বাড়ি ফেরার আনন্দে কার্যত কেঁদে ফেলেছেন অন্তঃসত্ত্বা সোনালি বিবি।
ছেলের হাত ধরে বাংলাদেশ থেকে বীরভূমের বাড়িতে ফিরেই আর্জি জানিয়েছেন বাড়ির বাকি ৪ সদস্যও যেন তাড়াতাড়ি ফেরে সেই ব্যবস্থা প্রশাসনকে করতে। জুন মাসে সোনালি সহ ৬ জনকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে দিল্লি থেকে ধরেছিল পুলিশ। এরপর পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে ২০ অগাস্ট সোনালি সহ ৬ জনকে চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানার পুলিশ তাদের অনুপ্রবেশকারী হিসেবে গ্রেফতার করে। এরপর থেকে তাঁদের ঠাঁই ছিল চাঁপাইনবাবগঞ্জ জেল। এরইমধ্যে দীর্ঘ আইন লড়াইয়ের পর বুধবার সুপ্রিম কোর্ট সোনালিদের ফেরানোর জন্য কেন্দ্রকে নির্দেশ দেয়। সেইমত শুক্রবার ছেলের হাত ধরে মালদা সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন সোনালি। এদিকে সোনালিকে দেখতে বীরভূমের পাইকর গ্রামে কার্যত ভিড় উপচে পড়ে। তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয়রা।
কিছুক্ষণ বাড়িতে থাকার পর রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সোনালিকে ফেরাতে যিনি প্রথম থেকে সবচেয়ে বেশি উদ্যোগী ছিলেন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সেই সামিরুল ইসলাম জানিয়েছেন দীর্ঘ লড়াইয়ের পর জয় এসেছে।




