নাড্ডা-‘ককরোচ’ বৈঠকের পরেও অনড় সোনম

0
15
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

ককরোচ জনতা পার্টি ,সিজেপি-র প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডার বৈঠকের পরেও অনড় পরিবেশকর্মী তথা শিক্ষাবিদ সোনম ওয়াংচুক।

তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তিনি এখন অনশন ভাঙছেন না। শুধু তাই নয়, অনশন ভাঙার নতুন শর্তও দিয়েছেন তিনি। হাসপাতাল থেকেই স্ত্রী গীতাঞ্জলি আংমোর মাধ্যমে তিনি বার্তা দিয়েছেন। সেখানে ককরোচ’দের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন। হাতে লেখা একটি চিঠিতে সোনম ওয়াংচুক লিখেছেন,তিনি তাঁর অনশন চালিয়ে যাবেন। শান্তিপূর্ণভাবে আন্দোলনরত তরুণদের উপর যে নির্মম আচরণ করা হয়েছে, তা দেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন। যতক্ষণ না পর্যন্ত তরুণ নেতারা সংসদ ভবনে গিয়ে সাংসদদের সঙ্গে দেখা করার অনুমতি পাবেন বা তাঁরা, তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পাবেন, ততক্ষণ পর্যন্ত অনশন চলবে। সোনমের কথায়, আশা করেন, তার আগেই সরকার শিক্ষামন্ত্রীর জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করবে। উসকানি সত্ত্বেও তরুণরা যেভাবে শান্তি বজায় রেখেছে, তাতে তিনি অভিভূত। আন্দোলনরত তরুণদের সমস্যার যাতে দ্রুত সমাধান করা হয়।

উল্লেখ্য, দিল্লির যন্তরমন্তর থেকে তুলে সোনমকে শনিবার সফদরজং হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ। এখনও তাঁর অনশন ভাঙানো যায়নি। তাঁর স্ত্রী গীতাঞ্জলী দাবি করেছেন, হাসপাতালে চিকিৎসকরা তাঁকে খাদ্যগ্রহণের জন্য চাপ দিলেও সোনম ওয়াংচুক এখনও তরল খাবারও গ্রহণ করেননি।