
লাদাখে অশান্তি এবং প্রাণহানির ঘটনার তিন দিনের মাথায় ইঞ্জিনিয়র, গবেষক তথা সমাজকর্মী সোনম ওয়াংচুককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে বলে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন শুক্রবার জানিয়েছে।
বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে পদক্ষেপ করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক। সোনমের সংস্থা স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ-র এফসিআরএ লাইসেন্স বাতিল করা হয়েছিল। এ বার সরাসরি রাষ্ট্রীয় সুরক্ষার মতো স্পর্শকাতর অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে তাঁকে। লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করা এবং পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে বুধবার লেহ শহরে বিক্ষোভে নেমেছিলেন কয়েক হাজার তরুণ-তরুণী। অভিযোগ, বিক্ষোভ চলাকালীনই লেহ-তে বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।
শুধু তা-ই নয়, পার্টি অফিসের সামনে থাকা একটি পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়। তার পরই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে মোট পাঁচ জনের মৃত্যু হয়।
