
কলকাতায় আন্দোলনের মধ্যে দিল্লিতে টানা ৭ দিন ধরে অনশনে বসে রয়েছেন থ্রি ইডিয়টস খ্যাত সোনম ওয়াংচুক। রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছিলেন তিনি।
অনশন শুরুর পর থেকে নুন জলের উপরেই রয়েছেন জলবায়ু-আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, জ্বর জ্বর ভাব, পেটের সমস্যার কথা। প্রতিদিন চিকিৎসকেরা তাঁর শারীরিক পরীক্ষা করছেন। রক্তচাপ কেমন রয়েছে তা সময়ে সময়ে নজর রাখা হচ্ছে। যদিও নিজের দাবিতে এখনও অটল রয়েছেন সোনম ওয়াংচুক।প্রথমে দিল্লির যন্তর মন্তরের সামনে ধর্নায় বসতে চেয়েছিলেন বাস্তবের র্যাঞ্চো। কিন্তু সেই ধর্নায় অনুমতি না পাওয়ায় দিল্লিতে লাদাখ ভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন তিনি। যারা লাদাখ বাঁচাও আন্দোলনে তাদের দাবিকে সমর্থন করেন, তাদেরও ১৩ অক্টোবর এক দিনের জন্য প্রতীকী অনশনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন সোনম ওয়াংচুক।লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে দীর্ঘ দিন ধরেই লড়ছেন তিনি।
তাঁর দাবি লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি নিয়ে কেন্দ্র আলোচনা করুক। লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতাভুক্ত করে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হোক।







