
লেহ-তে হিংসাত্মক ঘটনায় ধৃত জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকের মুক্তি চেয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছেন তাঁর স্ত্রী এবং সমাজকর্মী গীতাঞ্জলি আংমো।
ওই চিঠিতে তিনি অভিযোগ করেছেন কোনও সুনির্দিষ্ট কারণ ছাড়াই সোনাম ওয়াংচুককে আটক করা হয়েছে এবং স্বামীর সঙ্গে ফোনে বা ব্যক্তিগতভাবে কথা বলতে দেওয়া হয়নি। শুধু তাই নয়, লাদাখ প্রশাসন ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি তাঁর উপরে বিশেষ নজরদারি চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন গীতাঞ্জলি। লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্য ঘোষণা-সহ আরও একাধিক দাবিতে আন্দোলনের ডাক দিয়েছিল দ্য লেহ’স অ্যাপেক্স বডির যুব শাখা। ১০ সেপ্টেম্বর থেকে ৩৫ দিনের আমরণ অনশনে বসেছিলেন ১৫ জন। তার মধ্যে দু’জনকে জোর করে হাসপাতালে স্থানান্তরিত করায় বুধবার অগ্নিগর্ভহয়ে ওঠে লেহ।
বিক্ষোভকারীরা বিজেপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেয়। রণক্ষেত্রের চেহারা নেয় লেহর একাধিক অঞ্চল। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রাণ হারান ৫ বিক্ষোভকারী। গুরুতর জখম হন আরও শতাধিক।
