
কালীপুজোর মণ্ডপে তারস্বরে বক্স বাজাতে অস্বীকার করায় যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। সোনারপুর থানার কুস্টিয়া এলাকার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রতিবেশী ও তাঁর স্ত্রী’কে। পুলিশ সূত্রে খবর, মৃত সনাতন নস্কর। পাড়ার কালী পুজোয় নিজের বাড়ির সাউন্ড সিস্টেম ব্যবহার করতে দিয়েছিলেন সনাতন। এক প্রতিবেশী অসুস্থ থাকায় বক্স চালানোয় তাঁর অসুবিধা হয়। সেই কারণেই সাউন্ড সিস্টেম বন্ধ করে নিয়ে যান সনাতন। তারপরই তাঁর বাড়িতে চড়াও হন চার প্রতিবেশী। চড়াও হন পিন্টু সাহা নামে এক প্রতিবেশী ও তাঁর স্ত্রী। সনাতনের বাড়িতে চড়াও হন পিন্টুর শ্যালক ও তাঁর স্ত্রীও।
সনাতনের মা ও ভাইকে মারধর করা হয়। প্রতিবাদ করলে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় সনাতনকে, দাবি পরিবারের। রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সনাতনকে। হাসপাতালেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।








