
রুফটপ কমন এরিয়া। সেই জায়গা বিক্রি করা যাবে না। ভাড়াতেও দেওয়া যাবে না। কারণ ওই জায়গা সবার ব্যবহারের জন্য। আগেও এমনটা জানিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। এবার সে নিয়ে পদক্ষেপ হিসেবে ইতিমধ্যে একটি এসওপি জারি করতে চলেছে রাজ্য সরকার।
রুফটফ বা ছাদ রেস্তোরাঁ নিয়ে ওই নির্দিষ্ট নিয়মবিধি সংক্রান্ত বিষয়ে বৈঠক হবে বুধবার। সেখানে তিনিও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। মেছুয়ার হোটেলে অগ্নিকাণ্ডের পর কলকাতা শহরের সমস্ত রুফটপ রেস্তোরা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয় কলকাতা পুরসভা। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রেস্তোরাঁ মালিকরা হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট জানায় নিরাপত্তার শর্ত মানতে হবে সব রেস্তোরাঁকে।
এরপরেই রেস্তোরাঁগুলোয় কড়া নজরদারির সিদ্ধান্ত নেয় পুরসভা। শুক্রবার পুরসভার মাসিক অধিবেশনে ফিরহাদ হাকিম জানিয়েছেন এসওপি কার্যকর করা হবে কিনা সে বিষয়ে মন্ত্রিসভাই সিদ্ধান্ত নেবে।
