
দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বকাপের মূল পর্বে খেলতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। আসরকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ হুগো ব্রোস।
দলে জায়গা পেয়েছেন দুই অনভিষিক্ত ডিফেন্ডার ওলওয়েথু মাখানিয়া ও ব্র্যাডলি ক্রস।২২ বছর বয়সী সেন্টারব্যাক ওলওয়েথু মাখানিয়া বর্তমানে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলছেন। অন্যদিকে ২৫ বছর বয়সী লেফটব্যাক ব্র্যাডলি ক্রস খেলেন কাইজার চিফসে। বিশ্বকাপ বাছাইপর্বে এই দুজনের কেউই দলে ছিলেন না। তবে রক্ষণভাগে বিকল্প ও গভীরতা বাড়াতে তাদের অন্তর্ভুক্ত করেছেন ব্রোস।পাশাপাশি অভিজ্ঞদেরও গুরুত্ব দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কোচ। ৩৬ বছর বয়সী প্লেমেকার থেম্বা জওয়ানেকে দলে রেখে মাঝমাঠে অভিজ্ঞতার ওপর আস্থা দেখিয়েছেন তিনি। আক্রমণভাগে দলের অন্যতম বড় ভরসা বার্নলির স্ট্রাইকার লাইল ফস্টার।ঘোষিত দলে থাকা ২৬ ফুটবলারের মধ্যে ১৯ জনই দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগে খেলেন।অন্যদিকে,হ্যামস্ট্রিং ইনজুরির আশঙ্কা থাকলেও দলে জায়গা পেয়েছেন নিয়মিত লেফটব্যাক অউব্রে মোদিবা। চোটের কারণে তিনি মামেলোডি সানডাউনসের হয়ে সিএএফ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের দ্বিতীয় লেগ খেলতে পারেননি।এদিকে বিশ্বকাপ মিশন শুরু হবে ১১ জুন, সহ-স্বাগতিক মেক্সিকো–র বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ এ’-তে দক্ষিণ আফ্রিকার অন্য দুই প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ কোরিয়া।১৮ জুন আটলান্টায় চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে তারা। এরপর ২৪ জুন মন্টেরেতে খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।৭৪ বছর বয়সী ব্রোস আগেই জানিয়েছেন, এটি হতে যাচ্ছে তাঁর কোচিং ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।
দল ঘোষণার পর তিনি বলেছেন, বাদ পড়া খেলোয়াড়দের হতাশা তিনি বুঝতে পারেন, তবে কঠিন সিদ্ধান্ত নিতেই হয়েছে।উল্লেখ্য,দক্ষিণ আফ্রিকা এর আগে ১৯৯৮, ২০০২ ও ২০১০ বিশ্বকাপে অংশ নিয়েছিল। তবে তিনবারই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় দলটিকে।






