নিয়োগ দুর্নীতির তদন্তের মধ্যেই তৃণমূল কাউন্সিলরের ঝুলন্ত দেহ

0
51
ছবি সৌজন্যে : সংগৃহীত
নিয়োগ দুর্নীতির তদন্তের মধ্যেই দক্ষিণ দমদম পুরসভার তৃণমূল কাউন্সিলরের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে। দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ সঞ্জয় দাস দক্ষিণ দমদম পুরসভার স্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান ইন কাউন্সিল বা সিআইসি ছিলেন।
শনিবার ঘরের মধ্যে সঞ্জয় দাসকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। নাগেরবাজার আইএলএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন সঞ্জয় দাস। তবে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে পুরসভার টাকাতে অ্যাস্ট্রোটার্ফের গেম কমপ্লেক্স তৈরির অভিযোগও রয়েছে। পরিবার সূত্রে খবর তৃণমূলের পরাজয়ের পর থেকেই অবসাদে ছিলেন। তিনি রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি ও তাঁর স্বামী তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলেই পরিচিত। সঞ্জয়ের পুরসভা ভোটে টিকিট থেকে পদ পাইয়ে দেওয়ার পিছনে দেবরাজের হাত ছিল বলে তৃণমূলের অন্দরের খবর। ক’দিন আগেই দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়কেও জেরা করেছে ইডি। সুজিত বসুর সঙ্গেও সঞ্জয় দাসের যোগাযোগ ছিল।
অন্য একটি মামলায় হাইকোর্টে রক্ষাকবচ পেয়েছেন অদিতি মুন্সি, দেবরাজ চক্রবর্তী। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে রয়েছে এই পুরসভা।