
মহাকাশে নিজের ছন্দে ঘুরছে নীল-সাদা পৃথিবী, সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে সাড়া ফেলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ইসরো-র কৃত্রিম উপগ্রহ স্পেডেক্স চেসার এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছে ভিডিও সেলফির আকারে।
ঘূর্ণীয়মান পৃথিবীর সামনে ভিডিও-য় দৃশ্যমান কৃত্রিম উপগ্রহটিও। পৃথিবীর সঙ্গে সেলফি নেওয়ার লক্ষ্যেই তোলা ওই ভিডিও। এই ভিডিও-টি প্রকাশ করেছে ইসরো। ভিডিওর একদিকে স্পেডেক্স -এর খানিকটা অংশ দেখা যাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডে নীল-সাদা পৃথিবীর উপরের অংশ। সাগর-মহাসাগরের নীল জলের উপর দিয়ে উড়ে বেড়াচ্ছে মেঘরাশি। ভিডিওটি পোস্ট করে ইসরো সোশ্যাল মিডিয়ায় লেখে, স্পেডেক্স চেসার কক্ষপথে ঘূর্ণীয়মান অবস্থায় সেলফি ভিডিও তুলেছে। ডিসেম্বরের শেষ দিকে স্পেডেক্স অভিযানের আওতায় দু’টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায় ইসরো। ৪৭৫ কিলোমিটার বৃত্তাকারে পৃথিবীর চারিদিকে ঘুরে চলেছে তারা। আগামী সপ্তাহে মহাকাশে দুই স্যাটেলাইট নোঙর করার কথা ইসরো-র।
আপাতত সেই দিকেই তাকিয়ে সকলে। তবে মহাকাশে যান নোঙর নিয়ে আশাবাদী ইসরো প্রধান এস সোমনাথ।






