
ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেনকে ২০২৬ বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবে দেখা হচ্ছে। তবে প্রাক্তন খেলোয়াড়, সমর্থক ও বিশ্লেষকদের মতে, ট্রফি জিততে হলে লা রোজাকে সামলাতে হবে প্রত্যাশার চাপ, ইনজুরি ও কঠিন প্রতিদ্বন্দ্বিতা।
বার্সেলোনার কিংবদন্তি ডিফেন্ডার ও স্পেনের প্রাক্তন তারকা মিগেল অ্যাঞ্জেল নাদাল মনে করেন, স্পেনের দলটি যথেষ্ট শক্তিশালী হলেও ব্রাজিল, ফ্রান্স ও জার্মানির মতো দলগুলো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন,স্পেন অবশ্যই ফেবারিটদের মধ্যে একটি। তবে বিশ্বকাপ জিততে শুধু কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় যথেষ্ট নয়, পুরো দলকে একসঙ্গে খেলতে হবে।তিনি বিশেষভাবে তরুণ মিডফিল্ডার পেদ্রি ও গোলরক্ষক জোয়ান গার্সিয়ার প্রশংসা করেছেন। পাশাপাশি দলের বর্তমান অবস্থা ও তাদের মানসিক দৃঢ়তার ওপর গুরুত্ব দিয়েছেন।নাদাল বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চাপ যেন খেলোয়াড়দের গ্রাস না করে। তাদের একে অপরের পাশে থাকতে হবে।উল্লেখ্য,১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপে স্পেনের হয়ে খেলা এই প্রাক্তন ডিফেন্ডার মনে করেন, উত্তর আমেরিকার গরম আবহাওয়া খেলোয়াড়দের জন্য বড় পরীক্ষা হতে পারে। অতিরিক্ত গরমে খেলা খুব কঠিন।
খেলোয়াড়দের বিষয়টি সতর্কভাবে সামলাতে হবে। এদিকে, স্পেনের অনেক সমর্থক এখনই দলকে বিশ্বচ্যাম্পিয়ন বলতে নারাজ। কারণ, ২০১৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ও টানা দু’বার ইউরোজয়ী দল হয়েও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল স্পেনকে।








