
ইসরায়েলের বিরুদ্ধে সম্পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে কার্যকর করেছে স্পেন। স্পেনের পার্লামেন্ট সরকার ঘোষিত একটি ডিক্রি পাস করার মাধ্যমে এই নিষেধাজ্ঞা কার্যকর করে। খবরে বলা হয়েছে, নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে কার্যকরের এই সিদ্ধান্তটি গত মাসে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ঘোষিত বৃহত্তর নিষেধাজ্ঞা প্যাকেজের অংশ।
বামপন্থী দল পোদেমোস ও অন্যান্য বাম ও আঞ্চলিক দলের সমর্থনে এই প্রস্তাবটি অল্প ব্যবধানে পাস হয়।এদিকে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইসরায়েলের অন্যতম কঠোর সমালোচক হিসেবে পরিচিত স্পেন জানিয়েছে, এই ডিক্রির মাধ্যমে ইসরায়েলে বা ইসরায়েল থেকে সব ধরনের প্রতিরক্ষা সামগ্রী ও দ্বৈত-ব্যবহারযোগ্য প্রযুক্তির রপ্তানি ও আমদানি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, সম্ভাব্য সামরিক ব্যবহারের উপযোগী জ্বালানি বা সরঞ্জাম বহনকারী জাহাজ ও বিমানকে স্পেনের বন্দর ও আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।ওদিকে পোদেমোস দলের নেতা আয়োনে বেলারা শেষ মুহূর্ত পর্যন্ত তার দলের অবস্থান গোপন রাখেন।তিনি এই ডিক্রিকে ভুয়ো নিষেধাজ্ঞা বলেও উল্লেখ করেছেন।
তিনি অভিযোগ করে বলেছেন, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরও সরকার ইসরায়েলের সঙ্গে অস্ত্র চুক্তি বজায় রেখেছে এবং ইসরায়েলগামী মার্কিন সামরিক সরঞ্জাম বহনকারী চারটি জাহাজকে স্পেনের বন্দরে আসতে দিয়েছে।প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রোব্লেস বলেছেন, এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ, যা শুরু হয়েছিল গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর।
