
স্পেনের মাদ্রিদ ও পর্তুগালের লিসবনসহ বিশাল এলাকা বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এতে করে এই দু’ দেশের বৃহৎ একটি অংশের ট্রাফিক ও যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। বিদ্যুৎহীন থাকায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে শহরগুলো।
স্পেনের বিদ্যুৎ গ্রিড অপারেটর রেড ইলেকট্রিকা জানিয়েছে, সোমবার স্পেন ও পর্তুগালের বড় অংশে বিদ্যুৎ বিপর্যয় হয়েছে। তারা এনার্জি কোম্পানিগুলোর সঙ্গে মিলে পুনরায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কাজ করছে।স্প্যানিশ রেডিও স্টেশনগুলো জানিয়েছে, মাদ্রিদের আন্ডারগ্রাউন্ডের কিছু অংশ খালি করা হচ্ছে। কাদের সের রেডিও স্টেশন রিপোর্ট করেছে যে, মাদ্রিদ শহরের কেন্দ্রস্থলে ট্রাফিক সিগন্যাল বন্ধ হয়ে ব্যাপক যানজট তৈরি হয়েছে। একটি বিবৃতিতে স্প্যানিশ বিদ্যুৎ গ্রিড মনিটরিং কোম্পানি ই-রেডেস জানিয়েছে, তারা ধাপে ধাপে সংযোগ পুনঃস্থাপন করার কাজ করছে।
এদিকে, স্পেনের জাতীয় রেলওয়ে কোম্পানি রেনফের তরফে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় দেশটির পুরো জাতীয় বিদ্যুৎ গ্রিড বিচ্ছিন্ন হয়ে যায়। স্প্যানিশ মিডিয়ার রিপোর্ট অনুসারে, সেভিল, বার্সেলোনা ও ভ্যালেন্সিয়া বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছে। ফ্রান্সের কিছু অংশও ক্ষতিগ্রস্ত বলে মনে হচ্ছে।
