স্পেনের রাজা-প্রধানমন্ত্রীকে কাদা ছুঁড়লেন বাসিন্দারা

0
196

স্পেনের রাজা, রানি ও প্রধানমন্ত্রীকে বন্যাবিধ্বস্ত শহরের বাসিন্দাদের কাদা ছুঁড়ে মারার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। 

 

সম্প্রতি বন্যায় ভেসে গিয়েছে স্পেনের বহু শহর, গ্রাম। দু’দিন ধরে টানা চলেছে বৃষ্টি। এখনও পর্যন্ত প্রাণহানি হয়েছে শতাধিক মানুষের। এই পরিস্থিতিতে বন্যা বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ এবং তাঁর স্ত্রী লেটিজিয়া। রাজা-রানির সঙ্গে ছিলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ। স্পেনের ভ্যালেন্সিয়ায় গিয়েছিলেন তাঁরা। কিন্তু সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলতে যেতেই খুনি খুনি করে চিৎকার করে ওঠেন সকলে। সূত্রের খবর, সেই সময় কেউ কেউ তাদের দিকে কাদা  ছুঁড়েও মারতে শুরু করেন।সঙ্গে সঙ্গে রাজা-রানি এবং প্রধানমন্ত্রীকে ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। বড় ছাতা দিয়ে ঢেকে রক্ষা করার চেষ্টা করেন তাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যাওয়ায় গাড়িতে করে সেখান থেকে চলে যান স্পেনের প্রধানমন্ত্রী। তাঁর গাড়ি লক্ষ্য করে কেউ কেউ পাথর  ছুঁড়েও  মারেন। কিন্তু সেই পরিস্থিতিতেও ভ্যালেন্সিয়ায় কিছুক্ষণ থাকেন রাজা ষষ্ঠ ফিলিপ এবং রানি। সূত্রের খবর, শুধু কাদা নয়, ভারী কিছু  ছুঁড়েও  মেরেছিলেন সেখানকার ক্ষুব্ধ বাসিন্দারা। রাজা-রানিকে নিরাপদ রাখার চেষ্টায় সেই সময় আহত হন দুই নিরাপত্তারক্ষী।

 

চোখে-মুখে, পোশাকে কাদা লেগে থাকার পরেও সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন রানি লেটিজিয়া। কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাঁকে।

ছবি  সৌজন্যে : এক্স