
মহিলা সংরক্ষণ বিল নিয়ে গত মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বিরোধী দলের সাংসদদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলেছে কংগ্রেস। দলের তরফে সাধারণ সম্পাদক কেসি বেণু গোপাল লোকসভার স্পিকার ওম বিড়লাকে লেখা চিঠিতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অধিকার ভঙ্গের অভিযোগ এনেছেন।
নোটিসে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী ভাষণে বিরোধী সাংসদদের সম্পর্কে অপ্রীতিকর মন্তব্য করেছেন।গত শুক্রবার আকাশবাণী ও দূরদর্শনে প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে ইতিমধ্যে দেশের ৭০০ জন বিশিষ্ট ব্যক্তি নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছেন। তাঁরা বলেছেন, পাঁচ রাজ্যে বিধানসভা ভোট চলাকালীন প্রধানমন্ত্রী সরকারি প্রচার মাধ্যমকে দলের স্বার্থে ব্যবহার করেছেন। নির্বাচন কমিশনের উচিত প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত খতিয়ে দেখা। ওই চিঠি নিয়ে কমিশন এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি।
এদিকে, ওম বিড়লাকে লেখা চিঠিতে কেসি বেণু গোপাল বলেছেন, তিনি লোকসভার কার্যপ্রণালী ও কার্যপরিচালনা বিধির ২২তম বিধির অধীনে ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অধিকার ভঙ্গের প্রশ্ন উত্থাপনের নোটিস প্রদান করছেন। কারণ তিনি ১৮ এপ্রিল টেলিভিশনে সম্প্রচারিত তাঁর ভাষণে লোকসভার সদস্যদের প্রতি অবমাননাকর মন্তব্য করেছেন।
