
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মদিনে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী। প্রধানমন্ত্রীর জীবন ও কর্মযাত্রাকে কেন্দ্র করে এই প্রদর্শনী মহালয়া পর্যন্ত চলবে।
মূলত নরেন্দ্র মোদীর রাজনৈতিক, সাংগঠনিক ও প্রশাসনিক পথচলার বিভিন্ন অধ্যায় প্রদর্শিত হয়েছে। শুধু ৭৫ তম জন্মদিন নয়। প্রশাসক হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বয়সও মাইলফলক স্পর্শ করছে আগামী মাসেই। তিনি ২৫ বছরে পদার্পণ করতে চলেছেন প্রশাসক হিসেবে। শৈশবে আরএসএস-র সঙ্গে যুক্ত হয়ে শুরু হয়েছিল নরেন্দ্র মোদীর সংগঠন ও জীবন। মাত্র ৮ বছর বয়সে সংঘের সদস্য হয়েছিলেন। এর ২৭ বছর পর বিজেপিতে যোগ দেন তিনি। এরপর দীর্ঘ ১৬ বছর সাংগঠনিক দায়িত্ব সামলেছেন তিনি। ২০০১-এ গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর প্রশাসনিক পথ চলা শুরু হয়। পরে ২০১৪-য় দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। এরপর টানা ২৪ বছর ধরে প্রশাসনিক নেতৃত্বের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। কলকাতার সঙ্গেই এবছর দেশের ২৩টি শহরে নরেন্দ্র মোদীর জীবন ও কর্মযাত্রা নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। শুধু প্রদর্শনীই নয়, জেলায় জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপন করছেন বিজেপি কর্মী সমর্থকরা।
পথচলতি মানুষকে মিষ্টিমুখ করিয়েছেন তাঁরা। রাজ্য বিজেপির তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন সভাপতি শমীক ভট্টাচার্য।
