
দাদা নওয়াজ শরিফের সক্রিয় রাজনীতিতে প্রত্যাবর্তনের জল্পনা উস্কে দিয়ে দলীয় প্রধানের পদ ছেড়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শাহবাজ শরিফের দফতর থেকে ঘোষণা করা হয়েছে, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ-এর সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।
তিন বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ফের দলের সভাপতি করার দাবি জানিয়ে সম্প্রতি একটি প্রস্তাব পাশ করেছে পিএমএল-এন পঞ্জাব শাখা। পঞ্জাব শাখার প্রধান রানা সানাউল্লা জানিয়েছেন, শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নেওয়ার পরে সংগঠনের হাল ধরার জন্য নওয়াজ শরিফ উপযুক্ত ব্যক্তি। সম্প্রতি, পাকিস্তানের ক্ষমতাসীন জোটের বড় শরিক পিএমএল-এন-এর অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের একাধিক খবর প্রকাশ্যে এসেছে। এই আবহে চলতি সপ্তাহেই নওয়াজ শরিফ দলের দায়িত্ব নিতে পারেন বলে একাংশের দাবি।
