চ্যাম্পিয়ন পিএসজিকে হারাল স্পোর্টিং

0
71
ছবি সৌজন্যে : এক্স

শেষ মুহূর্তের নাটকীয় গোলে চ্যাম্পিয়নস লিগে বড় ধাক্কা খেল পিএসজি। ঘরের মাঠে স্পোর্টিং লিসবন ২-১ গোলে হারিয়েছে ফরাসি জায়ান্টদের। ম্যাচের নায়ক লুইস সুয়ারেজ।

দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে দলকে স্মরণীয় জয় এনে দেন কলম্বিয়ান ফরোয়ার্ড।ম্যাচের ৯০ মিনিটে হেডে জয়সূচক গোলটি করেন সুয়ারেজ। এর আগে ৭৯ মিনিটে পিএসজির হয়ে সমতা ফেরান বদলি নামা খাভিচা কাবারেৎস্কেলিয়া। তবে শেষ রক্ষা হয়নি লুইস এনরিকের দলের।এই হারের ফলে ১৩ পয়েন্ট নিয়ে পিএসজি আপাতত পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে নেমে গেছে। ম্যাচে বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও পরিষ্কার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় পিএসজি। প্রথমার্ধে মার্কিনিওসের দুটি হেড লক্ষ্যভ্রষ্ট হয়।আধ ঘণ্টা পর ওয়ারেন জাইরে-এমেরির করা গোল ভিএআরে বাতিল হয়। ম্যাচজুড়ে ভিএআর-এর কারণে পিএসজির তিনটি গোলই বাতিল হয়।বিরতির আগে কাছ থেকে গোল মিস করেন উসমান দেম্বেলে। অন্যদিকে স্পোর্টিং গোলরক্ষক রুই সিলভা ভিটিনহা, ফাবিয়ান রুইজ ও ব্র্যাডলি বারকোলার শট ঠেকিয়ে দলকে খেলায় রাখেন।৭৪ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া সুযোগে প্রথম গোলটি করেন সুয়ারেজ।পিএসজির রক্ষণভাগের দুর্বল ক্লিয়ারেন্স ও ডিফ্লেকশন কাজে লাগান তিনি। পরে শেষ মুহূর্তে আবারও আঘাত হেনে গ্যালারি মাতান কলম্বিয়ান সুয়ারেজ।আগামী আট দিনের মধ্যে নিউক্যাসলের বিপক্ষে নিজেদের মাঠে ম্যাচ খেলবে পিএসজি। সেই ম্যাচই নির্ধারণ করে দেবে, ফেব্রুয়ারিতে দু’ লেগের প্লে-অফ এড়াতে পারবে কি না ফরাসি চ্যাম্পিয়নরা।