
কলকাতার ইডেন থেকে আইপিএলের ফাইনাল ম্যাচ আহমেদাবাদে সরিয়ে নিয়ে যাওয়ার মধ্যে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে রাজ্য সরকার।
ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের অভিযোগ এরাজ্যের ক্রীড়া প্রেমীদের রাজনৈতিক উদ্দেশ্যে খেলা দেখা থেকে বঞ্চিত করেছে বিসিসিআই আর আইপিএলের গভর্নিং বডি। খারাপ আবহাওয়ার কারণ দেখিয়ে আপিএলের দুটো ম্যাচ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে স্থানান্তর করা হয়েছে। মন্ত্রী অরূপ বিশ্বাসের দাবি কেন্দ্রীয় মেটেরোলজিকাল ডিপার্টমেন্ট কোথাও বলেনি ফাইনালের দিন কলকাতায় আবহাওয়া খারাপ হতে পারে। অন্যদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় রাজ্যের আইনশৃঙ্খলার খামতির অভিযোগ তুলেছিলেন। তার পাল্টা সরব হয়ে অরূপ বিশ্বাস বলেছেন আইপিএলের সিজনে ৭ টি ম্যাচ হয়েছে কলকাতার ইডেন গার্ডেনে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনে। তারপরেও শুধু অপপ্রচার চালাতে মিথ্যে অভিযোগ করছেন সুকান্ত মজুমদার। সাংবাদিক বৈঠকে উপস্থিত সিপি মনোজ ভর্মাও দাবি করেছেন গত ৭ ম্যাচের প্রত্যেকটিতে ৬০ হাজার মানুষ ইডেনে ছিলেন। কোনও আইনশৃঙ্খলা বিষয়ক সমস্যা হয়নি।
শুধুমাত্র একটা ম্যাচ রামনবমীর কারণে ৪ এপ্রিলের বদলে অন্যদিন করার আবেদন করেছিল কলকাতা পুলিশ। ফলে আইনশৃঙ্খলার জন্য অন্য জায়গায় ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া সঠিক সিদ্ধান্ত নয়।









