
ভুয়ো খবর ছড়াতে সাত বছরের জেল এবং দশ লাখ টাকা জরিমানার বিধান-সহ আইন তৈরি করছে কর্নাটকের কংগ্রেস সরকার। কর্নাটক মিসইনফরমেশন অ্যান্ড ফেক নিউজ অ্যাক্টের খসড়া তৈরি করেছে রাজ্য সরকার।
আইনটি কার্যকর হলে সোশ্যাল মিডিয়া থেকে যে কোনও ধরনের সন্দেহ ও আপত্তিজনক পোস্ট বাদ দেওয়ার ক্ষমতা রাজ্য সরকারের হাতে আসবে। তাৎপর্যপূর্ণ ভাবে, নির্বাচনী প্রচার, রাজনাতিক দলের সভা সমিতিতে বলা বক্তব্যও এই আইনের অধানে আসবে।
প্রস্তাবিত আইনে ছয় সদস্যের একটি রেগুলেটরি বোর্ড গঠনের কথা বলা হয়েছে। বোর্ড স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ চিহ্নিত করতে পারে। এছাড়া বোর্ডের কাছে অভিযোগ জানানোর সুযোগ থাকবে। থাকবে বিশেষ আদালত। যেখানে মিথ্যা তথ্য ছড়ানোর মামলা দায়ের করা যাবে।
