
শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করেছে দেশটির আর্থিক অপরাধ তদন্ত বিভাগ, এফসিআইডি। দেশের সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনাটি দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।বিশ্লেষকদের আশঙ্কা, এই ঘটনার জেরে শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি আরো অস্থিতিশীল ও জটিল হয়ে উঠতে পারে।এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে লন্ডন সফরের বিষয়ে বিক্রমাসিংহেকে জিজ্ঞাসাবাদ করা হয়।তখন তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।অভিযোগ অনুযায়ী, তিনি ওই সফরে স্ত্রীর একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন এবং সফরের ব্যয়ভার সরকারি তহবিল থেকে বহন করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়।জানা গেছে, বিক্রমাসিংহে স্বেচ্ছায় কলম্বোর এফসিআইডি কার্যালয়ে আত্মপক্ষ সমর্থনে হাজির হন।সেখানে তাকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে হেফাজতে নেওয়া হয়।
গ্রেপ্তারের পর শ্রীলঙ্কার রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিক্রমাসিংহের সমর্থকেরা অভিযোগ করছেন, এটি বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার কৌশল এবং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অন্যদিকে ক্ষমতাসীন দল বলছে, দুর্নীতি দমন ও জবাবদিহি নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
