
২০২৫-এর শেষে স্ক্রিনিং কমিটি জানিয়েছিল, সোশ্যাল মিডিয়ায় অভিনেতা, প্রযোজক-সহ টলিউডের খ্যাতনামীদের লাগাতার হেনস্থার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হবে টলিউড।
শুক্রবার, ২০২৬-এর দ্বিতীয় দিনে লালবাজার সাইবার অপরাধদমন শাখায় উপস্থিত হন স্ক্রিনিং কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। অপরাধদমন শাখার দফতরে যাওয়ার আগে লালবাজারের সামনে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হন ফেডারেশন সভাপতি স্বরূপ। বলেছেন, লাগাতার অকারণ হেনস্থার বিরুদ্ধে পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই অনৈতিক কার্যকলাপ বন্ধ করতেই সবাই লালবাজারে এসেছেন। বৈঠকশেষে সাংবাদিকদের মুখোমুখি হন পিয়া, স্বরূপ, শ্রীকান্ত, যিশু, পরমব্রত, ইন্দ্রদীপ দাশগুপ্ত, নিসপাল এবং রানা।
পিয়া এবং স্বরূপ বলেছেন, নগরপাল এবং সাইবার অপরাধদমন শাখার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। সাইবার হেনস্থা, ম্যানিপুলেশন করে ছবির রেটিং কমিয়ে দেওয়া, বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া — এসব কাম্য নয়। কর্তৃপক্ষ অভিযোগ মন দিয়ে শুনেছেন। প্রশাসন কড়া পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে।






