
আবারও এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি পিছিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন, বৃহস্পতিবার মামলাটির শুনানি করা হবে।
আদালত দু’টো বিষয় বিবেচনা করবে। অহেতুক বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না। কী সেই দু’টি বিষয়, তাও জানিয়েছেন তিনি। প্রধান বিচারপতি জানিয়েছেন, পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে, নাকি, বেআইনি ভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বাছাই করে বাতিল করা হবে, এই দু’টি মূল বিষয় আদালত বিবেচনা করবে।নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বেশ কিছু ওএমআর শিট উদ্ধার করেছিলেন সিবিআই আধিকারিকেরা। তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরিচ্যুতদের আইনজীবী। তাঁর সওয়াল, ওই সমস্ত ওএমআর শিটের বৈদ্যুতিন তথ্যের ৬৫বি এভিডেন্স আইন অনুযায়ী যাচাই করার কোনও শংসাপত্রও নেই। প্রধান বিচারপতি জানিয়েছেন, এই বিষয়টি গ্রহণ করার প্রয়োজনীয়তা নেই। কলকাতা হাইকোর্টে বিষয়টি বলা হয়েছিল। কলকাতা হাইকোর্ট বিবেচনা করেই রায় দিয়েছে। এপ্রিল মাসে ২০১৬ সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। ফলে ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়।
ওই রায়কে চ্যালেঞ্জ করে তার ৪৮ ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানে রাজ্য ও মধ্যশিক্ষা পর্ষদও মামলা দায়ের করে। শীর্ষ আদালতের দ্বারস্থ হন চাকরিহারাদের একাংশও।
