
২০১৬-র এসএসসি চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ সুবল সরেনের মৃত্যু হয়েছে।পরিবারের দাবি চাকরি হারিয়ে প্রবল মানসিকচাপে সেরিব্রাল স্ট্রোকের কারণে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার স্ট্রোক হওয়ায় প্রথমে ডেবরা হাসপাতাল পরে কলকাতায় আর এন টেগোর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শুক্রবার সকালে মৃত্যু হয়েছে সুবল সরেনের। হাসপাতালের সামনে কান্নায় ভেঙে পড়েছেন সুবল সরেনের স্ত্রী। কেঁদে কেঁদে বলতে থাকেন চাকরি চলে যাওয়ার পর অনেক চিন্তা করতেন। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন সুবল। ছেলের চাকরি চলে যাওয়ার পর শাশুড়িরও মৃত্যু হয়। তাঁদের ছোট বাচ্চা রয়েছে। কিভাবে বাচ্চাকে মানুষ করবেন তা ভেবে কান্নায় ভেঙে পড়েছেন সুবলের স্ত্রী। পশ্চিম মেদিনীপুরের ডেবরার বাসিন্দা বছর পঁয়ত্রিশের সুবল ২০১৬-য় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষকের চাকরি পেয়েছিলেন। ৭বছর চাকরি করার পর নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে অন্যান্যদের মত তাঁরও চাকরি যায়। তারপর থেকেই শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন সুবল।
যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সক্রিয় সদস্য ছিলেন সুবল। ডেবরা থেকে ধামসা, মাদল নিয়ে চলে আসতেন আন্দোলনের মঞ্চে।
