
প্রকাশিত হয়েছে স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের ফল। তবে প্রকাশ করা হল না উত্তীর্ণদের তালিকা। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী ৬০ নম্বরের লিখিত পরীক্ষা হয়েছিল ১৪ সেপ্টেম্বর।
৩৫টি বিষয়ে এই পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় বসেছিলেন ২ লাখ ২৯ হাজারেরও বেশি প্রার্থী। রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে ৪৭৮টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। কমিশন জানিয়েছে প্রত্যেক পরীক্ষার্থী নিজের প্রাপ্ত নম্বর জানতে পারবেন কমিশনের ওয়েবসাইট ওয়েস্টবেঙ্গলএসএসসি ডট কম-এ লগ ইন করে। নিয়ম অনুযায়ী পরবর্তী ধাপে হবে নথি যাচাই। প্রাথমিক ইন্টারভিউয়ের জন্য কারা ডাক পেলেন খুব শীঘ্রই সেই তালিকা প্রকাশ করবে এসএসসি। নথিপত্র যাচাই ১৭ নভেম্বর থেকে শুরু হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে এসএসসি। প্রথমে একাদশ-দ্বাদশের প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে। তারপর নবম দশমের নথি যাচাই এবং ইন্টারভিউ নেওয়া হবে। দুই স্তর মিলিয়ে শূন্যপদ ৩৫ হাজার ৭০০-র বেশি। এরমধ্যে একাদশ-দ্বাদশের শূন্যপদ সাড়ে ১২ হাজারের বেশি।
দুর্নীতির অভিযোগে ২০১৬-র পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। এর ফলে চাকরি হারিয়েছিলেন ২৬ হাজার শিক্ষক শিক্ষাকর্মী।
