
শনিবারের মধ্যেই পশ্চিমবঙ্গে অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ হতে পারে, সুপ্রিম কোর্টে জানিয়েছেন এসএসসি-র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর, নির্ধারিত তারিখেই হবে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। শুক্রবার এই মর্মে স্পষ্ট নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, যেসব প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে বা যাঁরা ইতিমধ্যেই অযোগ্য বা দাগি ঘোষিত, তাদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া যাবে না। আর এই বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব এসএসসি কর্তৃপক্ষকেই নিতে হবে। শুক্রবার সর্বোচ্চ আদালত জানিয়েছে, যাঁরা সুপ্রিম কোর্টের নির্দেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি করছেন, তাঁরা নবম-দশম এবং একাদশ-দ্বাদশ, দু’টি নিয়োগ প্রক্রিয়াতেই অংশ নিতে পারবেন। শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে অযোগ্য ঘোষিত প্রার্থীদের সংখ্যা জানতে চায় সুপ্রিম কোর্ট। এসএসসি জানায়, সেই তালিকায় রয়েছেন প্রায় ১,৯০০ জন। বৃহস্পতিবারই কমিশনের তরফে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এর আগে সম্ভাব্য তারিখ জানিয়ে রাজ্যের জেলাশাসক ও ডিআইদের প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছিল।
সুপ্রিম কোর্টের শুক্রবারের নির্দেশে পরীক্ষার সময়সূচি নিয়ে আর কোনও দ্বিধা রইল না। আগের নির্দেশ মেনে এসএসসি আবেদনের সময়সীমা ১০ দিন বাড়ায়। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে ৩ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে।
