বিতর্কের পর এসএসসির প্রথম পরীক্ষা, কড়া নিয়মের জাল

0
126
ছবি সৌজন্যে : নিজস্ব
বিতর্কের পর প্রথম দফার শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজিত হচ্ছে রবিবার। পরীক্ষা স্কুল সার্ভিস কমিশন এরও। আগের, অর্থাৎ ২০১৬ সালের এসএসসি পরীক্ষা ঘিরে বিস্তর দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছিল।
তাতে স্বাভাবিক ভাবে মুখ পুড়েছিল কমিশন এবং রাজ্য সরকারের। সুপ্রিম কোর্টেও ২০১৬ সালের প্যানেল বাতিল হয়ে গিয়েছে। তাতে চাকরি খুইয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী। সজাগ রাজ্য প্রশাসন। এসএসসির পরীক্ষা নিয়ে শনিবার বিকেল ৪টেয় জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। নবান্ন সূত্রে খবর, ওই বৈঠকে প্রত্যেকটি জেলা প্রশাসনকে নির্দিষ্ট কিছু নির্দেশিকা দিয়েছেন মুখ্যসচিব। তিনি বলেছেন, এসএসসির গাইডলাইন মেনে পরীক্ষা করতে হবে। রাস্তায় থেকে প্রশাসনকে সজাগ থাকতে হবে। কোনও জেলায় কোনও সমস্যা হচ্ছে কি না, সে সম্পর্কেও খোঁজখবর নেন মুখ্যসচিব। বৈঠকে কমিশনের চেয়ারম্যান এবং স্কুল শিক্ষা দফতরের আধিকারিকেরাও ছিলেন। নবান্নের একটি সূত্রের দাবি, গত শুক্রবারও এ বিষয়ে একটি বৈঠক করেছিলেন মুখ্যসচিব পন্থ। সেই বৈঠকেও জেলাশাসকেরা ছিলেন। ছিলেন জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসনের অন্য আধিকারিকেরা। ওই সূত্রেরই দাবি, প্রতিটি জেলায় অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার আধিকারিকদের পরীক্ষা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি ম্যাজিস্ট্রেটদের।
পাশাপাশি, পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছোতে যাতে কোনও সমস্যা না হয়, পরিবহণ দফতরকেও বলা হয়েছে রাস্তায় বাসের সংখ্যা বাড়াতে। লোকাল ট্রেনের সংখ্যাও যাতে পর্যাপ্ত থাকে, তার জন্য রেলকেও অনুরোধ করা হয়েছে।