
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ২০২৫-২৬ অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার পেস আক্রমণের নেতৃত্ব দিয়ে আবারও নিজের গুরুত্ব প্রমাণ করলেন মিচেল স্টার্ক। অভিজ্ঞ বাঁহাতি ফাস্ট বোলার দ্বিতীয় দিনের শুরুতেই আঘাত হেনে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে শূন্য রানে ফিরিয়ে দেন।
ইংল্যান্ডের প্রথম ইনিংসে ছয় নম্বরে নামা স্টোকস ১১ বল মোকাবিলা করেও কোনো রান করতে পারেননি। ৫১ ওভারের পঞ্চম বলে স্টার্কের বাইরে যাওয়া বলে এজ করে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ তুলে দেন তিনি।চলতি অ্যাশেজ সিরিজে এটি পঞ্চমবার, যখন স্টার্কের বলে আউট হলেন স্টোকস। যা দুই তারকার দ্বৈরথে স্পষ্টভাবেই অস্ট্রেলিয়ান পেসারের আধিপত্য তুলে ধরে।এই উইকেটের মাধ্যমে ব্যক্তিগত রেকর্ডেও নাম লেখান স্টার্ক। টেস্ট ক্রিকেটে তিনি এখন পর্যন্ত স্টোকসকে আউট করেছেন ১৪ বার, যা কোনো বোলারের বিপক্ষে ইংল্যান্ড অলরাউন্ডারের সর্বোচ্চবার আউট হওয়ার রেকর্ড।এর আগে এই রেকর্ড ছিল ভারতের প্রাক্তন স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের দখলে,১৩ বার। তালিকায় এরপর আছেন নাথান লায়ন ১০ বার এবং রবীন্দ্র জাদেজা ৮ বার।চলতি অ্যাশেজে এটি স্টার্কের ২৮তম উইকেট এবং টেস্ট ক্যারিয়ারে মোট ৪৩০তম।
ফলে ইতিহাসের আরো কাছাকাছি পৌঁছে গেছেন তিনি।ম্যাচে আর মাত্র চারটি উইকেট পেলেই শ্রীলঙ্কার কিংবদন্তি রঙ্গনা হেরাথকে ,৪৩৩ উইকেট)ছাড়িয়ে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি বাঁহাতি বোলার হয়ে যাবেন মিচেল স্টার্ক।







