
অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা করেছেন।ব্যস্ত টেস্ট সূচি ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ৩৫ বছর বয়সী এই বাঁহাতি পেসার। অস্ট্রেলিয়ার হয়ে ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন স্টার্ক।
২০২১ সালে বিশ্বকাপজয়ী দলেরও সদস্য ছিলেন তিনি।শেষ তিনি খেলেছেন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ২০১২ সালে অভিষেক হওয়া মিচেল স্টার্ক ৭৯ উইকেট নিয়ে আছেন অস্ট্রেলিয়ার ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ স্থানে। অবসরের ঘোষণা করে স্টার্ক বলেছেন, টেস্ট ক্রিকেট তাঁর কাছে সব সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ তিনি উপভোগ করেছেন।বিশেষ করে ২০২১ বিশ্বকাপ, শুধু ট্রফি জিতেছেন বলে নয়,অসাধারণ সতীর্থ ও দারুণ স্মৃতির জন্যও সেটা বিশেষ ছিল।উল্লেখ্য,২০২৬ সালের মাঝামাঝি থেকে টেস্ট সূচিতে ব্যস্ত হয়ে উঠবে অস্ট্রেলিয়া।এর মধ্যে রয়েছে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ, দক্ষিণ আফ্রিকা সফর, নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্ট।
২০২৭ সালের শুরুতে ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।ভবিষ্যতের পরিকল্পনা জানিয়ে স্টার্ক আরও বলেছেন, ২০২৭ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজ, অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে নিজেকে ফিট রাখা এবং সেরা ছন্দে রাখা তাঁর কাছে সবচেয়ে জরুরি। তাই এটিই তাঁর জন্য সেরা সিদ্ধান্ত।
