
মহাকাশে নিরাপত্তা বাড়াতে বা কক্ষপথে সংঘর্ষের ঝুঁকি কমাতে হাজার হাজার স্যাটেলাইটের কক্ষপথ পরিবর্তন করছে স্টারলিংক।
ইলন মাস্কের মহাকাশ গবেষণা কোম্পানি স্পেসএক্স-এর ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলস বলেছেন, এ বছর নিরাপত্তার খাতিরে তাদের প্রায় ৪ হাজার ৪০০টি স্যাটেলাইট চলতি কক্ষপথ থেকে নামিয়ে অন্য কক্ষপথে আনবে তারা।মাস্কের সোশ্যাল মিডিয়া,এক্স-এ এক পোস্টে নিকোলস লিখেছেন, নিজেদের স্যাটেলাইট নেটওয়ার্কে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে কোম্পানিটি।এর আওতায় বর্তমানে পৃথিবীর ৫৫০ কিলোমিটার উচ্চতায় ঘুরতে থাকা স্যাটেলাইটের উচ্চতা তারা কমিয়ে ৪৮০ কিলোমিটারে নামিয়ে আনবে।স্যাটেলাইটের উচ্চতা কমিয়ে আনার ফলে স্টারলিংকের বিভিন্ন কক্ষপথ আরও সংকুচিত হয়ে আসবে, যা বিভিন্নভাবে মহাকাশের নিরাপত্তা বাড়াতে সাহায্য করবে।
এ পরিবর্তনের পেছনে অন্যতম কারণ হিসেবে আগামীর সোলার মিনিমাম পর্বের কথা উল্লেখ করেছেন নিকোলস। সূর্যের ১১ বছরের একটি চক্র আছে, এতে এক পর্যায়ে সৌরপৃষ্ঠ অপেক্ষাকৃত শান্ত থাকে। পরবর্তী সোলার মিনিমাম ২০৩০-এর দশকের শুরুতে আসার কথা।
