
রাতের আকাশের দিকে তাকালে কিছু উজ্জ্বল ছোট ছোট আলোর রেখার দেখা মেলে, এগুলো নতুন পাঠানো স্টারলিংক স্যাটেলাইট। তবে শিগগিরই আরেক ধরনের স্যাটেলাইটেরও দেখা মিলবে, যেগুলো চীনের তৈরি নতুন ইন্টারনেট স্যাটেলাইট। স্টারলিংকের মতো ইন্টারনেট পরিষেবা দিতে পৃথিবীর নিম্ন কক্ষপথের জন্য স্যাটেলাইট তৈরি করছে চীন।
সেগুলো তারা মহাকাশে পাঠিয়েছেও। গতবছরের অগাস্ট থেকে এখন পর্যন্ত একশটির বেশি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে চীন, যা বিশাল স্যাটেলাইট গুচ্ছের প্রথম ব্যাচ।জানা যাচ্ছে,দুটো স্যাটেলাইট দল তৈরি করছে চীন, যার মধ্যে থাকবে মোট ২৮ হাজার স্যাটেলাইট।চীনের দুইটি স্যাটেলাইট প্রকল্পের নাম ,গুয়োওয়াং এবং চিয়ানফান। তবে তাদের কর্পোরেট কাঠামো ও ভাষার পার্থক্যের কারণে ইংরেজিতে বিভিন্ন বিকল্প নামও রয়েছে এগুলোর,যা কিছুটা বিভ্রান্তিকর। প্রথম প্রকল্পটি ,সিংওয়াং বা ,স্যাটনেট নামেও পরিচিত, যা প্রধানত দেশীয় টেলিযোগাযোগ ও জাতীয় নিরাপত্তার জন্য কাজ করছে।দ্বিতীয় প্রকল্পটি,স্পেসসেল বা এসএসএসটি নামে পরিচিত, যা বিদেশী বিভিন্ন টেলিকম কোম্পানির জন্য সার্ভিস দিতেই তৈরি করা হয়েছে।এখনও পর্যন্ত ব্রাজিল, মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে চুক্তি করেছে চিয়ানফান প্রকল্পটি এবং এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার আরও কয়েক ডজন বাজারে প্রবেশের পরিকল্পনা রয়েছে তাদের।অন্যদিকে,পৃথিবীর নিম্ন কক্ষপথে সাত হাজারেরও বেশি স্যাটেলাইট রয়েছে স্টারলিংকের, তার তুলনায় চীন স্পষ্টভাবেই পিছিয়ে আছে। তবে গুয়োওয়াং ও চিয়ানফান এখন এমন এক দলে যোগ দিয়েছে যারা বিশ্বের বিভিন্ন জায়গায় স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের কাজকর্ম বাড়িয়েছে এবং শেষমেশ বাজারের প্রধান প্রতিযোগীকেও চ্যালেঞ্জ করতে পারে।তবে গুয়োওয়াং ও চিয়ানফান যখন তাদের প্রথম দফার স্যাটেলাইট মহাকাশে পাঠাচ্ছে তখনই নানা সমস্যায় পড়েছে তারা। যার মধ্যে রয়েছে স্পেসএক্সের তুলনায় বেশি সংখ্যক ত্রুটিপূর্ণ স্যাটেলাইট, প্রশাসনিক জটিলতা ও সীমিত রকেট উৎক্ষেপণ ক্ষমতা।জানা যাচ্ছে,শিগগিরই যদি চীন পর্যাপ্ত সংখ্যক স্যাটেলাইট উৎক্ষেপণ করতে না পারে তাহলে রাষ্ট্রসংঘের অধীনে মহাকাশ যোগাযোগ সমন্বয় সংস্থা,ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন বা আইটিইউ তাদের পরিকল্পিত স্যাটেলাইট সংখ্যা কমিয়ে আনতে বলতেও পারে।
খবর,চিয়ানফান এখন পর্যন্ত যে ৯০টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, তার ১৩টির মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা গিয়েছে। এসব স্যাটেলাইট তাদের অন্যান্য সঙ্গীদের সঙ্গে কক্ষপথে নির্ধারিত উচ্চতায় পৌঁছাতে পারেনি। চিয়ানফানের দ্বিতীয় ব্যাচ, যা অক্টোবর ২০২৪-এ উৎক্ষেপণ করা হয়েছে তাতে থাকা ১৮টি স্যাটেলাইটের মধ্যে কেবলমাত্র ৫টি পরিকল্পিত উচ্চতায় পৌঁছাতে পেরেছিল।
