
ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চ। রাজ্যের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সব বিজ্ঞপ্তি ওপর সম্প্রতি স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।
ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। গত জুন মাসে হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ ওই বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। আগামী ৩১ জুলাই পর্যন্ত ওই স্থগিতাদেশ জারি করেছিল আদালত। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গাভাই, বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে মামলাটির শুনানি হয়েছে।
হাইকোর্টের স্থগিতাদেশ জারির সিদ্ধান্ত নিয়ে বিস্ময় প্রকাশ করে প্রধান বিচারপতি বলেছেন, এ বিষয়ে নোটিস জারি করা হবে। এটা আশ্চর্যজনক। হাইকোর্ট কীভাবে এমন করে স্থগিতাদেশ দিতে পারে। তাঁরা অবাক, কোন যুক্তিকে হাইকোর্টে এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছন প্রধান বিচারপতি।
