নবজাতককে স্তন্যপান করাতে জায়গার দায়িত্ব রাষ্ট্রের : সুপ্রিম কোর্ট

0
111
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
বাড়ির বাইরে সদ্যোজাত সন্তানকে স্তন্যপান করাতে সুরক্ষিত জায়গা করে দিতে হবে সরকারকেই। প্রশাসনের দায়িত্ব মনে করিয়ে দিয়ে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বি ভি নাগারত্না এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ জানিয়েছে, স্তন্যপান একজন শিশুর জন্মগত অধিকার। তা তার বেঁচে থাকা ও বড় হয়ে ওঠার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
মা ও সন্তান দু’জনেরই সুস্বাস্থ্য নির্ভর করে এর উপর। সন্তানের চাহিদা মাথায় রেখে তার খিদে মেটানোর জন্য জায়গা খুঁজতে যেন অসুবিধায় না পড়েন একজন মা। একজন মহিলার মর্যাদাকে মাথায় রেখে বাড়ির বাইরে স্তন্যদানের জন্য প্রয়োজনীয় পরিবেশ দিতে হবে রাষ্ট্রকেই। স্তন্যদায়ী মা ও শিশুদের জন্য প্রয়োজনীয় ফিডিং ও চাইল্ড কেয়ার রুম বানানোর জন্য সরকারকে নির্দেশ দেওয়ার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল স্বেচ্ছাসেবী একটি সংগঠন।
সেই সংগঠনের আবেদনের শুনানিতেই এই বিষয়ে রাষ্ট্রের দায়িত্ব মনে করিয়েছে সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবিধানের ২১ অনুচ্ছেদ এবং আন্তর্জাতিক আইন এবং ২০১৫ সালের কিশোর ন্যায়বিচার শিশুদের যত্ন ও সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত শিশুর স্বার্থই সর্বোচ্চ, এই কথা মনে করিয়েছেন বিচারপতিরা। এই বিষয়ে কেন্দ্রকে দ্রুত উদ্যোগী হতে পরামর্শও দেন বিচারপতিরা।