
তুষারঝড়ে বিধ্বস্ত আমেরিকা। আমেরিকার ১২ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশের প্রায় ১৪ কোটি মানুষ শীতঝঞ্ঝার কবলে। রাস্তাঘাট বরফের নীচে।
তার মধ্যে বিদ্যুৎবিভ্রাট পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। শেষ তথ্য অনুযায়ী, আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী তুষারপাত হবে। তার সঙ্গে চলবে ঝোড়ো হাওয়াও। ফলে এই সময়ে বাড়ির বাইরে না বার হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নাগরিকদের। প্রেসিডেন্ট ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তার প্রশাসন স্টেট ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করছেন। জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আমেরিকার প্রায় ১৯ কোটি মানুষ এই তুষার ঝড়ের কবলে পড়তে যাচ্ছেন।
সবচেয়ে বেশি সতর্কতা রয়েছে টেক্সাস, নর্থ ক্যারলিনা, মিসিসিপি, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, নিউজার্সি, নিউইয়র্ক, কানেকটিকাট, ম্যাসেচুসেটস, কেন্টাকি, টেনেসি ও ওকলাহোমা স্টেট। নিউইয়র্ক সিটিসহ এসব স্টেটে ১২ ইঞ্চি থেকে ২০ ইঞ্চি পর্যন্ত বরফ জমতে পারে। তুষার ঝড়ের গতিবেগ শত মাইলের বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় সড়ক-মহাসড়কে যানবাহন চলাচলের ওপরেও সতর্কতা জারি করেছে প্রশাসন।







