উত্তরবঙ্গে বিপর্যয়ে ভাঙা বাড়ি নির্মাণে ১ লক্ষ ২০ হাজার

0
172
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
অতিবৃষ্টি ও ধসে ভয়াবহ বিপর্যয়ের কবলে পড়েছে দার্জিলিং, কালিম্পং সহ প্রায় সমগ্র উত্তরবঙ্গ। ইতিমধ্যে রাজ্য প্রশাসন ঘোষণা করেছে বিপর্যয়ে যাঁদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের নতুন করে বাড়ি নির্মাণ করতে সবরকম সহায়তা করবে সরকার।
প্রশাসনের শীর্ষ মহলের খবর, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কারও বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হলে তাঁকে ১ লক্ষ ২০ হাজার টাকা দেবে নবান্ন। বিপর্যয় মোকাবিলার জন্য বরাদ্দ তহবিল থেকে এই টাকা দেওয়া হবে। আগে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কোনও পাকা বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে ৩৫ হাজার টাকা, কাঁচা বাড়ি পুরোপুরি নষ্ট হয়ে গেলে ২০ হাজার টাকা করে দেওয়া হতো। এখন থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এদিকে, বৃষ্টি-ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গে ত্রাণ পাঠিয়েছে রাজ্য সরকার। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে গিয়েছে কিছু প্রয়োজনীয় ত্রাণ এবং খাদ্য সামগ্রী। যার মধ্যে খাবারের প্যাকেটে রয়েছে – ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১০০ গ্রাম সয়াবিন, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম লবণ, ১টি আমুল দুধের গুঁড়ো প্যাকেট, ১০ গ্রাম, ১ প্যাকেট হলুদ গুঁড়ো, ১ প্যাকেট জিরে গুঁড়ো, ১ প্যাকেট শুকনো লঙ্কার গুঁড়ো এবং ৫০০ মিলি সর্ষের তেল।
ত্রাণ সামগ্রীতে রয়েছে – ডি.এম. কিট, ৩ সেট ত্রিপল, শাড়ি, কম্বল, ধুতি, লুঙ্গি, কুর্তা-পায়জামা, সালোয়ার কামিজ এবং শিশুদের পোশাক। এদিকে, উত্তরবঙ্গের দুর্যোগের মধ্যে ধূপগুড়ির একটি অস্থায়ী ত্রাণশিবিরে দুর্গতদের জন্য পরিষেবা না থাকার অভিযোগ উঠেছে। এক্স পোস্টে নথি সহকারে এমনই অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার।