ধর্ষণ এড়াতে বাড়িতে থাকুন, গুজরাট-এ পোস্টার বিতর্ক

0
141
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
ধর্ষণ বা গণধর্ষণের মতো ঘটনা এড়াতে মহিলাদের ঘরে বসে থাকার নিদান দিয়েছে আহমেদাবাদ ট্রাফিক পুলিশ। বিভিন্ন সংবাদসংস্থা সূত্র খবর, গুজরাটের রাস্তা ছেয়ে গিয়েছে এমন কিছু বিতর্কিত পোস্টার। আহমেদাবাদের সোলা এবং চাঁদলোদিয়া এলাকায় রাস্তার ডিভাইডারের ওপর বেশ কিছু পোস্টার বসানো হয়েছে।
গুজরাটি ভাষায় লেখা ওই পোস্টারগুলি ঘিরে বিতর্ক। সংবাদমাধ্যম সূত্র অনুসারে সেগুলির কোনওটিতে লেখা আছে, বেশি রাতের কোনও পাটিতে যাবেন না, ধর্ষণ বা গণধর্ষণের শিকার হওয়ার ভয় রয়েছে। আবার কোনওটিতে লেখা, বান্ধবীর সঙ্গে কোনও অন্ধকার শুনশান জায়গায় যাবেন না। যদিও বিতর্ক দানা বাধতেই পোস্টারগুলি রাস্তার ওপর থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
আহমেদাবাদের ডেপুটি পুলিশ কমিশনার নীতা দেসাইয়ের বক্তব্য, সতর্ক গ্রুপ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন পোস্টারগুলি ছাপিয়েছে। কেবলমাত্র পথসুরক্ষা সংক্রান্ত পোস্টারগুলিই ট্রাফিক পুলিশের পৃষ্ঠপোষকতায় ছাপানো হয়েছে। নারীসুরক্ষা সংক্রান্ত কর্মসূচির জন্য নয়।