
চুরি উদ্দেশ্য পিছনের দরজা দিয়ে সইফ আলি খানের বাড়িতে ঢুকেছিল দুষ্কৃতী। এমনটাই জানিয়েছে মুম্বই পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেডাম জানিয়েছেন, এক দুষ্কৃতীকে চিহ্নিত করা গিয়েছে।
সিসিটিভি ফুটেজে তাকে ওই আবাসনের সিঁড়িতে দেখা গিয়েছে। চুরির উদ্দেশ্যেই সে ঢুকেছিল বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। এখনও ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা যায়নি।ঘটনায় আগেই আটক করা হয়েছিল সইফ আলি খানের বাড়ির তিন সহায়ক কর্মীকে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানিয়েছিল, বুধবার রাতে নয়, বরং বহু ক্ষণ আগেই দুষ্কৃতী ঢুকে পড়েছিল বান্দ্রা এলাকার ওই অভিজাত আবাসনে। পরে তদন্ত চলাকালীন সইফ আলি খানের বাড়ির কয়েকজন পরিচারককে আটক করে পুলিশ।প্রাথমিক তদন্তের পর বান্দ্রা থানার পুলিশ জানিয়েছে, সইফ আলি খান-করিনা কাপূর খানের বাড়ির সহায়িকা ইলিয়ামা ফিলিপ আলিয়াস লিমা বুধবার রাত ২টো নাগাদ প্রথমবার ওই দুষ্কৃতীকে দেখতে পান। তখনই তিনি চিৎকার করেন, নিজেকে বাঁচাতে সকলকে সচেতন করার চেষ্টা করেন বলে দাবি।
সে সময় ঘর থেকে বেরিয়ে আসেন অভিনেতা। দুষ্কৃতীর সঙ্গে তাঁর হাতাহাতিও হয়। গৃহকর্ম সহায়িকা লিমাও আক্রান্ত হন।আপাতত, লিমাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী পুলিশ আধিকারিকেরা।
