
বালেশ্বরের সাংসদ প্রতাপ ষড়ঙ্গীর মাথায় দুটি সেলাই পড়েছে। মাথায় আঘাত রয়েছে ফারুখাবাদের সাংসদ মুকেশ রাজপুতেরও। সংসদে আহত দুজন সাংসদকেই আইসিইউতে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
দুই সাংসদের শারিরীক অবস্থা সম্পর্কে হাসপাতাল থেকে জানানো হয়েছে, সাংসদের মাথায় আঘাত রয়েছে। তাঁদের রক্তচাপের সমস্যাও রয়েছে। দুজনকেই প্রযোজনীয় ওষুধ দেওয়া হয়েছে। মুকেশ রাজপুতের রক্তচাপ এখনও অনেকটাই বেশি। ধাক্কাধাক্কিতে রক্তচাপ বেড়ে যেতেই পারে। এর থেকে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। ষড়ঙ্গীর হার্টের সমস্যা আগে থেকেই ছিল। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং হাসপাতালে আহত সাংসদদের দেখতে গিয়েছিলেন।
অন্তত দুদিন তাঁদের হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন তিনি। দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। ২ সাংসদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
