
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণার পরই পতন ভারতীয় শেয়ার বাজারে। বৃহস্পতিবার শেয়ার বাজার খোলার ১৫ মিনিটের মিনিটের মধ্যে বিনিয়োগকারীদের ৫ লক্ষ কোটি টাকা নিমেষে উধাও হয়ে গিয়েছে। এদিন বাজার শুরুই হয় লাল সঙ্কেতে। এবং খোলার সঙ্গে সঙ্গে হু-হু ধস নামতে থাকে। ২০০ পয়েন্টেরও বেশি পতনে নিফটি খুলেছে।
যেখানে সেনসেক্স ৭৫০ পয়েন্টেরও বেশি পড়েছে। নিফটি ব্যাঙ্ক প্রায় ৩০০ পয়েন্ট, নিফটি আইটি ২১৫ পয়েন্ট এবং এফএমসিজি ৩০০ পয়েন্টেরও বেশি পড়েছে। বিএসই-তে শীর্ষ ৩০টি কোম্পানির মধ্যে ২৬টি কোম্পানির শেয়ারের দাম পড়েছে। যার মধ্যে টাটা মোটরস, আরআইএল, এমঅ্যান্ডএম এবং ভারতী এয়ারটেলের মতো কোম্পানির শেয়ারের দাম প্রায় ২ শতাংশ কমেছে। একই সময়ে ৪টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে জোমাটো। স্মল এবং মিডক্যাপেও বড় পতন বাজার খোলার সময় বিএসই স্মলকাপ ৪০০ পয়েন্টেরও বেশি কমেছে। নিফটি স্মলকাপ ৬০০ পয়েন্টেরও বেশি কমেছে। বিএসই মিডক্যাপ ৩০০ পয়েন্টেরও বেশি কমেছে।
১৬৫টি স্টক একই দামে লেনদেন করেছে। ৬১টি স্টক আপার সার্কিটে পৌঁছেছে এবং ৬১টি স্টক লোয়ার সার্কিটে পৌঁছেছে। এছাড়াও, ৫১টি স্টক ৫২ সপ্তাহের সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। যেখানে ৩৬টি স্টক ৫২ সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে রয়েছে। বিএসই বাজার মূলধনে ব্যাপক পতনের ফলে বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
