
উত্তরাখণ্ডে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার অভিযোগে ১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, সেমি হাইস্পিড অত্যাধুনিক ট্রেনে পাথর ছোঁড়ার কারণে জানলায় ফাটল দেখা দিয়েছে।
তার জেরেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে। রেল পুলিশ সূত্রে খবর, বন্দে ভারত ট্রেনটি দেরাদুন থেকে লখনউ যাচ্ছিল। লাকসার-মোরাদাবাদ স্টেশনের কাছে আসতেই খারাঞ্জা কুতুবপুর গ্রামের কাছ থেকে ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে অভিযুক্ত যুবক। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে ট্রেনের লোকো পাইলট মোরাদাবাদের কন্ট্রোল রুমে খবর দিয়েছে। পড়ে ঘটনার তদন্তে নেমে আরপিএফ খারাঞ্জা কুতুবপুর গ্রামে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেই সামনে আসে অভিযুক্তর পরিচয়। অভিযুক্ত সলমনের বিরুদ্ধে রেলওয়ে আইনে মামলা দায়ের করা হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনা নতুন নয়। যখন থেকে অত্যাধুনিক এই ট্রেন পরিষেবা দিতে শুরু করেছে, তখন থেকেই ভারতের নানা প্রান্তে এই ট্রেন দুষ্কৃতী দৌরাত্ম্য ও হামলার শিকার হয়েছে।
এর আগে পশ্চিমবঙ্গ, বিহার-সহ অনান্য রাজ্যেও এমন ঘটনা একাধিকবার ঘটেছে।
ছবি সৌজন্যে : এক্স








