
বিহারের উপমুখ্যমন্ত্রী তথা লখীসরাই কেন্দ্রের বিজেপি প্রার্থী বিজয়কুমার সিন্হার কনভয়ে হামলার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিজের নির্বাচনী এলাকায় একটি বুথে যাওয়ার সময় বিজয়ের কনভয়ে থাকা গাড়িগুলিকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে।
তবে উপমুখ্যমন্ত্রী নিরাপদ এবং সুস্থ রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি এবং আরজেডির মধ্যে বাগ্যুদ্ধ শুরু হয়েছে। তেজস্বীর দলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে আরজেডি।সোশ্যাল মিডিয়ায় ছ়়ড়িয়ে পড়া একটা ভিডিয়োয় দেখা যাচ্ছে,কয়েক জন বিজয়ের কনভয়কে ঘিরে ধরে মুর্দাবাদ-মুর্দাবাদ স্লোগান দিচ্ছেন। এই প্রসঙ্গে উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিন্হা বলেছেন,এরা সব আরজেডির গুন্ডা। ওরা জানে এনডিএ ক্ষমতায় আসছে। তাই গুন্ডামি করছে।অন্যদিকে,আরজেডির শক্ত ঘাঁটি বলে পরিচিত কয়েকটি বুথে জোর করে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ তুলেছে তেজস্বী যাদবের দল।
তবে আরজেডির এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন।এদিকে পটনার বখতিয়ারের একটি বুথে ভোট দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার। ভোট দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভোটারদের ভোটদানে উৎসাহিত করেছেন নীতীশ কুমার। তিনি লিখেছেন, গণতন্ত্রে ভোটদান কেবল আমাদের অধিকারই নয়, এটা আমাদের দায়িত্বও বটে।









