
রবিবার সকাল থেকেই মুখ ভার আকাশের, বেলা বাড়তেই ঝড়-বৃষ্টির দাপট কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে খবর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা।
তার টানে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। সেই কারণে দক্ষিণবঙ্গের ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। তার জেরে রাজ্যে আগামী চারদিন সর্বোচ্চ তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি হয়েছে। সোমবারও দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকছে। বইতে পারে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার পর্যন্ত একই পরিস্থিতি থাকতে পারে। মঙ্গলবার এবং বুধবার মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন উপকূলে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গেও কার্যত একই পরিস্থিতি।
রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে শিলাবৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। বুধবার পর্যন্ত আবহাওয়া একই থাকবে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে।





