
বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই এবার রাজ্যজুড়ে কালবৈশাখীর ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের পরিমাণ একটু বেশি হবে বলে ইঙ্গিত মিলেছে।
প্রায় ৬০ কিলোমিটার গতিবেগের দমকা হাওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরির সম্ভাবনা। শুক্রবার বিক্ষিপ্তভাবে ঝড়, বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায়। শনিবারও বজ্রবিদ্যুৎ সহ ঝড়, বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলাতে। এর পরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে তার প্রভাব অনেকটা কমবে।দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আগামী কয়েকদিনে তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তন হবে না। ঝড়, বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে; আবার রোদ উঠলে তাপমাত্রা বাড়বে।
আগামী সোমবার আংশিক মেঘলা আকাশ হতে পারে। তবে মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশই থাকবে, তাপমাত্রাও বাড়বে হু হু করে।উত্তরবঙ্গেও দক্ষিণের মতো পরিস্থিতি রয়েছে। দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি।







