বুধবার পর্যন্ত কলকাতা সহ দুই বঙ্গেই ঝড়-বৃষ্টি

0
124
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে সক্রিয় ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তটি থেকে নিম্নচাপ অক্ষরেখা ওড়িশার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত। এর জেরে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

রবিবার তো বটেই সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই পরিস্থিতি বজায় থাকবে মঙ্গলবারও। ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বীরভূম, দুই বর্ধমান, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদে। বাকি জেলাগুলোতেও একইরকম পরিস্থিতি থাকবে।

বুধবার ঝড়বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে। উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার কালবৈশাখী হতে পারে মালদা ও দক্ষিণ দিনাজপুরে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।