
বুধ-বহস্পতিবারের পর ফের শনিবার ঝড় বৃষ্টির দাপট কলকাতায়। বিকেলেই রাতের অন্ধকার নেমে আসে কলকাতার আকাশে। কালো মেঘে ঢেকে যায়। সঙ্গে চলতে থাকে ঝোড়ো হাওয়ার দাপট। শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি।
হঠাৎ বৃষ্টিতে নাজেহাল অবস্থার মধ্যে পড়েন অফিসফেরত যাত্রীরা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার থেকে ফের ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার ভোটগণনার দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। রবিবার ঝড়বৃষ্টির দাপট থাকবে বাঁকুড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে। ৫০-৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারও ঝড়বৃষ্টির দাপট বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোয়। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও হাওয়ার গতিবেগ কম থাকবে। এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এদিকে বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয়েছে ৪২ বছরের জগবন্ধু মণ্ডলের। জখম হয়েছে তাঁর স্ত্রী সবিতা মণ্ডল।
বৃষ্টিতে ঝাড়গ্রামের শিলদায় মাটির বাড়ি ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে বছর ১৯-র পিঙ্কি দাসের। প্রবল বৃষ্টিতে হঠাৎ করেই ভেঙে পড়ে মাটির বাড়ি। তাতেই চাপা পড়েন পরিবারের তিনজন। গুরুতর আহত অবস্থায় সুজিত দাস, মৃণাল দাস এবং পিঙ্কি দাসকে হাসপাতালে নিয়ে গেলে পিঙ্কিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
