
পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমেও নির্বাচন হতে চলেছে এপ্রিল মাসে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার নিজেদের ইস্তেহার,সঙ্কল্প পত্র প্রকাশ করেছে বিজেপি।
সেখানে, উন্নয়ন, কর্মসংস্থান, সাংস্কৃতিক সুরক্ষার পাশপাশি গুরুত্ব পেয়েছে লাভ জিহাদ।নিজেদের সঙ্কল্প পত্রে বিজেপি জানিয়েছে, ক্ষমতায় এলে অসমে লাভ জিহাদ রুখতে কড়া আইন প্রণয়ন করবে তারা। পাশাপাশি, বিয়ের সূত্রে অথবা জোর করে ধর্ম পরিবর্তন রুখতে আইনি কাঠামো আরও শক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও জানা গিয়েছে।পাশাপাশি,অসমে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড চালু করবে বিজেপি সরকার। যদিও, ষষ্ঠ তফসিল ভুক্ত এলাকা এবং উপজাতিদের ক্ষেত্রে ছাড় দেওয়ার কথাও জানানো হয়েছে এখানে।
এছাড়াও, আগামী পাঁচ বছরে রাজ্য সরকার দু’ লক্ষ লোককে চাকরি দেবে বলেও সংকল্প পত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এদিকে অসমের মসনদে থাকা বিজেপির প্রচার তুঙ্গে উঠেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে। এর মধ্যে বিজেপির দাবি, এই পদক্ষেপের মাধ্যমে রাজ্যের সামাজিক কাঠামো এবং আদিবাসী পরিচয় রক্ষা করাই তাদের মূল উদ্দেশ্য। যদিও, বিজেপির এই দাবি মানতে নারাজ বিরোধীরা। তাদের মতে, নির্বাচনের ঠিক আগে বিজেপির এমন ধরনের মন্তব্য, উত্তর-পুর্বের এই রাজ্যে মেরুকরণের রাজনীতিকে আরও ইন্ধন দেবে।






