
হলিউডের জনপ্রিয় তারকা কিয়ানু রিভস এবার পা রাখতে চলেছেন লেগোর রঙিন দুনিয়ায়। ইউনিভার্সাল পিকচার্সের ব্যানারে ব্লক দিয়ে তৈরি খেলনা , লেগোর ওপর ভিত্তি করে নির্মিতব্য একটি নতুন চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য ৬১ বছর বয়সী অভিনেতার সঙ্গে আলোচনা চলছে।
দ্য লেগো গ্রুপের প্রযোজনায় এই সিনেমাটি পরিচালনা করবেন,টয় স্টোরি ফোর খ্যাত পরিচালক জশ কুলি। চলচ্চিত্রটি মূলত লাইভ-অ্যাকশন এবং কম্পিউটার-জেনারেটেড, সিজিআই প্রযুক্তির সংমিশ্রণে তৈরি হবে। তবে সিনেমায় রিভসের নির্দিষ্ট ভূমিকা বা এর চিত্রনাট্যকার কে হচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। উল্লেখ্য,পরিচালক জশ কুলির সঙ্গে কিয়ানু রিভসের এটিই প্রথম কাজ নয়। এর আগে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ডিজনি-পিক্সারের অ্যানিমেটেড সিক্যুয়েল, টয় স্টোরি ফোর -এ স্ট্যান্ট বাইক খেলনা,ডিউক ক্যাবুম চরিত্রের জন্য কণ্ঠ দিয়েছিলেন ম্যাট্রিক্স খ্যাত এই তারকা। ইউনিভার্সাল পিকচার্স ২০২০ সালে লেগোর স্বত্ব লাভ করার পর থেকে এখন পর্যন্ত কোনো প্রকল্প পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি, যদিও এর আগে প্যাথি জেনকিন্স, জেক কাসড্যান এবং জো কর্নিশের মতো পরিচালকদের নিয়ে লাইভ-অ্যাকশন লেগো সিনেমা তৈরির পরিকল্পনা করা হয়েছিল। সূত্রগুলো জানাচ্ছে, আগামী ছ’ মাসের মধ্যে যদি এই নতুন সিনেমার কাজ প্রাক-প্রোডাকশন পর্যায়ে না পৌঁছায়, তবে ইউনিভার্সালের কাছে থাকা লেগোর স্বত্ব শেষ হয়ে যাবে এবং তা আবারও ওপেন বাজারে চলে যাবে। এর আগে এই স্বত্ব ছিল ওয়ার্নার ব্রাদার্সের কাছে, যারা ২০১৪ সালে অত্যন্ত সফল, দ্য লেগো মুভি এবং পরবর্তীতে লেগো ব্যাটম্যান ও নিনজাগো ভিত্তিক বেশ কয়েকটি অ্যানিমেটেড সিনেমা উপহার দিয়েছিল।
সম্প্রতি আজিজ আনসারির গুড ফরচুন এবং জোনাহ হিলের আউটকাম সিনেমায় কাজ শেষ করার পর কিয়ানু রিভস বর্তমানে শিভার নামের একটি সায়েন্স-ফিকশন থ্রিলার সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন, যা ২০২৭ সালের আগস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়া তার আগামী প্রকল্পগুলোর মধ্যে রয়েছে , সনিক দ্য হেজহগ ফোর চলচ্চিত্রে শ্যাডো চরিত্রের জন্য কণ্ঠ দেওয়া এবং তার দীর্ঘদিনের বান্ধবী ও সহ-অভিনেত্রী সান্ড্রা বুলকের সঙ্গে অ্যামাজন এমজিএম স্টুডিওর একটি রোমান্টিক থ্রিলারে জুটি বাঁধা।
