ছাত্র ধর্মঘটে দিনভর তপ্ত কলকাতা

0
263
ছবি সৌজন্যে : নিজস্ব
যাদবপুর কাণ্ডে সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে যাদবপুর, কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। এসএফআই, এবিভিপি, নকশালপন্থী ছাত্র সংগঠন, টিএমসিপি-র বিক্ষোভ, পাল্টা মিছিল, প্রতিবাদ কর্মসূচি, ধস্তাধস্তিতে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুরের পরিস্থিতি।
দুপুর থেকে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এবং তৃণমূল পন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভ, ধাওয়া শেষে অরবিন্দ ভবনে তালা ঝুলিয়েছেন আন্দোলনকারীরা। ওদিকে তখন বারুইপুরে তৃণমূল ছাত্র পরিষদ তালা ঝুলিয়েছে সিপিএম পার্টি অফিসে। ভিতরে তখন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এরপরই বিকাল হতে ফের উত্তেজনা ছড়িয়েছে যাদবপুরে। বিশ্ববিদ্যালয়ের গেট থেকে এইট বি বাসস্ট্যান্ড কখনও থানার সামনে। বসে পড়ে বিক্ষোভ দেখিয়েছেন ছাত্র, যুবরা। ওদিকে তখন গোলপার্ক থেকে মিছিল শুরু করেছে এবিভিপি। যুযুধান দু পক্ষকে থামাতে একসময় হস্তক্ষেপ করতে হয় পুলিশকে।
উত্তেজনা প্রবল হলেও শেষ পর্যন্ত অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। আর তারপর সন্ধ্যে পর্যন্ত কলকাতা এবং শহরতলির বিভিন্ন জায়গা থেকে এসেছে যাদবপুর ঘটনার প্রতিবাদে মিছিল ও বিক্ষোভের খবর।