
পানাগড় শিল্পতালুকের মদ কারখানার দূষণের বিরুদ্ধে এ বার সরব হয়েছেন স্কুলের পড়ুয়ারা। কাঁকসার মিনিবাজারের বাসিন্দাদের সঙ্গে পড়ুয়াদের একাংশ পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।
কাঁকসা থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আশ্বাসে প্রায় আড়াই ঘণ্টা পরে অবরোধ ওঠে। স্থানীয় সূত্রে খবর, প্রায় এক বছর আগে কাঁকসার ঝিনুকগড় আদিবাসী পাড়ার পাশে ওই বেসরকারি মদ কারখানা তৈরি হয়। স্থানীয়দের দাবি, কারখানা তৈরির পর থেকেই দুর্গন্ধে টেকা যাচ্ছে না। শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। বয়স্করাও নানা সমস্যায় ভুগছেন। বার বার এ নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে। গত বৃহস্পতিবার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকেরা অভিযোগ খতিয়ে দেখতে এলাকায় এসেছিলেন। তখন কারখানার গেটের সামনে তাঁদের গাড়ি আটকে মহিলাদের একাংশ বিক্ষোভ দেখিয়েছিলেন। তার পরেও কাজের কাজ কিছুই হয়নি বলে দাবি বাসিন্দাদের।
